রাজধানীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৭:৪২
রাজধানীর খিলক্ষেত ও বনানী রেলক্রসিং এলাকায় পৃথক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। 
 
রবিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে এক ঘণ্টার ব্যবধানে খিলক্ষেত ও বনানী রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, মিলনা আক্তার (৩৪)। তার স্বামীর নাম খায়রুল মিয়া। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পরিচ গ্রামে।  নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। জিআরপি থানা পুলিশ দুটি লাশ উদ্ধার করেন। 
 
ঢাকা কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
 
বিমানবন্দর রেলস্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আলী আকবর জানান, রবিবার সকাল ৯টার দিকে রাজধানীর খিলক্ষেত রেলক্রসিং এলাকায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মহুয়া এক্রপ্রেস ট্রেনের ধাক্কায় মিলনা আক্তার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্বার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
এদিকে, বনানী রেলক্রসিং এলাকায় সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্রগ্রামগামী মহানগর প্রভাতি এক্রপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক ব্যক্তি নিহত হন। নিহতের পরনে ছিল নীল রংয়ের সোয়েটার ও ফুল প্যান্ট। পরে জিআরপি থানা পুলিশ নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।  
 
ইত্তেফাক/ইউবি