নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণে জাতীয় নদী রক্ষা কমিশন এবং নদীর খনন কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া তিন পার্বত্য জেলায় তিনটি স্থলবন্দর নির্মাণ করা হবে। এতে করে দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে।
রবিবার-নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম এলাকায় নদীর সীমানা নির্ধারণ, নাব্যতা বৃদ্ধি এবং স্থলবন্দর নির্মাণ সংক্রান্ত সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্য প্রসারে চট্টগ্রাম পার্বত্য জেলাগুলো বড় ভূমিকা রাখতে পারে। এর প্রসারে নদীগুলো খননের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নদীগুলোর মধ্যে রয়েছে কাচা লং, মাইনি, ইছামতি, কর্ণফুলি, চেংনি, মাতামহুরি, সাঙ্গু, ফেনী ও হালদা। এছাড়া আরও কিছু নদী খনন করা হবে।
তিনি বলেন, স্বাধীনতার পরে এবারই প্রথম কোনো সরকার পার্বত্য জেলা নদী খননের উদ্যোগ নিল। এরফলে ওই এলাকার মানুষের যেমন কর্মসংস্থান হবে, তেমনি তারা ব্যবসা-বাণিজ্যেও বড় অবদান রাখতে পারবে।
ইত্তেফাক/এমআই
