গুলিস্তান ও মতিঝিলের ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নামা হকারদের পাশে দাঁড়িয়েছে হিজড়া সম্প্রদায়ও। তারা বলছে, হকার উচ্ছেদের কারণে বিপাকে আছে তারাও।
ফুটপাতে হকার বসতে দেয়ার দাবিতে রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে হকারদের বিভিন্ন সংগঠন। এই সমাবেশে যোগ দেন স্থানীয় হিজড়া সমিতির নেতারাও। হিজড়ারা সাধারণত দোকান থেকে টাকা তুলে চলেন। কিন্তু দুই সপ্তাহ ধরে ফুটপাতে হকার না বসায় তাদের আয় কমে গেছে। এ কারণে হকারদের পাশে দাঁড়িয়েছেন তারা।
এই হকার সমাবেশে বক্তব্য রাখেন গুলিস্তানের হিজরা সমিতির সভাপতি অনু। তিনি ফুটপাতে হকার বসতে দেয়ার দাবি জানান। হকাররা না বসায় কী ধরনের ক্ষতি হচ্ছে তাও তুলে ধরেন তিনি। অনু বলেন, ফুটপাতের হকারদের কাছ থেকে দুই টাকা পাঁচ টাকা নিয়ে আমাদের জীবিকা। উচ্ছেদ করা হলে শুধু হকাররাই বিপাকে পড়বে না হিজড়া সম্প্রদায়ের জীবিকাও হুমকির মুখে পড়বে।
ইত্তেফাক/এমআই
