ফেনীতে ইকবাল সোবহানের বিরুদ্ধে মানহানি মামলা

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ১৯:১৫
দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতিপূরণ মামলা করেন।
 
রবিবার সকালে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের আদালতে তিনি মামলা দায়ের করেন। মামলায় ইকবাল সোবহান চৌধুরী ছাড়াও প্রতিবেদক মামুনুর রশীদসহ অজ্ঞাতনাম ২-৩ জনকে আসামি করা হয়।
 
মামলায় বলা হয় ২৩ জানুয়ারি দি ডেইলি অবজারভার পত্রিকার প্রথম পৃষ্ঠায় ‘আওয়ামী লীগের এমপি কক্সবাজার আবদুর রহমান বদি, নারায়ণগঞ্জের শামীম ওসমান, ফেনীর নিজাম উদ্দিন হাজারী, রাজশাহীর এনামুল হক এবং সম্রাট দেশের ড্রাগ সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
 
নিজাম হাজারীর সুনাম ক্ষুন্ন করার উদ্দেশে পত্রিকায় মাদক ব্যবসা ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় জড়িত মর্মে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের ফলে জনসম্মুখে নিজাম হাজারীর মানহানি ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন এবং সামাজিক মর্যদা ক্ষুন্ন হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি ও ক্ষতিসাধণ হয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি