প্রধান বিচারপতির উদ্যোগে পরীক্ষায় অংশ নিতে পারবেন ৫ কিশোর

আপডেট : ২৯ জানুয়ারি ২০১৭, ২১:৩৮
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উদ্যোগে জামিন পেলেন পাঁচ এসএসসি পরীক্ষার্থী। এদের সকলেই টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রের নিবাসী। 
 
রবিবার চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লার আদালত এই পাঁচ কিশোরের জামিন মঞ্জুর করে। দু’এক দিনের মধ্যেই তারা কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন হাইকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ। তিনি বলেন, কিশোরদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দেন। ওই নির্দেশনার প্রেক্ষিতে মামলার নথি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে বন্দি থাকা কিশোররা এখন মুক্তি পেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। 
 
গত বৃহস্পতিবার গাজীপুরে কিশোরী এবং টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন প্রধান বিচারপতি। কিশোর-কিশোরীরা প্রধান বিচারপতিকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। অপরাধ না করেও বিভিন্ন মামলায় কাউকে কাউকে আসামি করা হয়েছে বলেও প্রধান বিচারপতিকে জানান উন্নয়ন কেন্দ্রের নিবাসী কিশোর-কিশোরীরা। এরপরই প্রধান বিচারপতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার  নির্দেশ দেন। 
 
ইত্তেফাক/এমআই