অডিও গানের পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশ মনোযোগী হয়েছেন দেশের গুণী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ। চলতি সময়ে তার ব্যস্ততা চলছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নতুন মিউজিক ভিডিও নিয়ে। তবে মিউজিক ভিডিওটি রিলিজ পাবে ভালোবাসা দিবসের কিছুদিন পর।
‘জোছনা বর্ষণে’ শিরোনামে একটি গান এরইমধ্যে তৈরি করেছেন কুমার বিশ্বজিৎ। এখন মিউজিক ভিডিওর কাজ চলছে। তিনি বলেন, ‘আমি বেশকিছু গান করেছি। কিন্তু এই গানটি বিশেষভাবে ভালো লেগেছে। তাই মিউজিক ভিডিও নির্মাণ করছি। আর গানের গুরুত্বের জন্য মিউজিক ভিডিও এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।’
অডিও গানের চেয়ে মিউজিক ভিডিওর গুরুত্ব বেড়ে যাওয়াটা ইতিবাচক কি-না? এমন প্রশ্নের উত্তরে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ভিজুয়্যাল মিডিয়ার যুগে গান মানুষ দেখতে চায়। তাই মিউজিক ভিডিওর গুরুত্বটা এখন বেশি। কিন্তু আমি বলছি না অডিওর চেয়ে মিউজিক ভিডিওর গুরুত্ব বেশি। কারণ অডিও গান অবশ্যই ভালো হতে হবে। কিন্তু যুগের সাথে অনেককিছুর পরিবর্তন আসে। সেটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক।’
মিউজিক ভিডিওর পর তিনি একটি ফোক গানের অ্যালবামের পরিকল্পনা করছেন। ৩টি গান এরইমধ্যে তৈরি করেছেন, আর ৩টি গান করে মোট ৬টি গান নিয়ে ফোক গানের অ্যালবামটি রিলিজ দেবেন। পাশাপাশি পহেলা বৈশাখকে কেন্দ্র করে এরইমেধ্য নতুন গানের পরিকল্পনা করছেন এই সঙ্গীতশিল্পী।
ইত্তেফাক/এমএআর
