শুরু হচ্ছে তৃতীয় ‘বাংলা খেয়াল উৎসব’

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১০:০৬
 
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’ ২০১৭। আয়োজন করছে চ্যানেল আই। আগামীকাল ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত চ্যানেল আই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হবে এ উৎসব। 
 
উৎসবে অংশ নিবে ঢাবি’র সঙ্গীত বিভাগসহ ৩৪টি সঙ্গীত প্রতিষ্ঠান এবং ১৫০জন শিল্পী। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ থাকবে নবীন শিল্পীদের অংশগ্রহণ।
 
উৎসব সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেল আই এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও ফেরদৌস আরা বিস্তারিত তথ্য তুলে ধরেন।
 
শাইখ সিরাজ বলেন, প্রথম থেকে চ্যানেল আই শুদ্ধ-সঙ্গীত চর্চা করে আসছে এবং মনপ্রাণ থেকেই এ কাজগুলো করে আসছে যাতে সঙ্গীতের প্রসার আরো বিস্তৃত হয়। এবার বাংলা খেয়াল উৎসবটি আরো বেশি পরিসরে অনুষ্ঠিত হবে।
 
ফেরদৌস আরা বলেন, এবারের খেয়াল উৎসবে সুরসপ্তকের শিল্পীরাও অংশ নিবে। চ্যানেল আই এর কাছে আমাদের শিল্পী সমাজ যা আশা করেছিলো সেটি আমরা চ্যানেল আই এর শুরু থেকে পেয়ে আসছি। বাংলা খেয়াল উৎসব তার উদাহরণ।
 
বাংলা খেয়াল উৎসবে অংশ নেবেন ফেরদৌস আরা, ওস্তাদ করিম শাহবুদ্দীন, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, বিজন চন্দ্র মিস্ত্রী, তানজিনা করিম স্বরলিপি, হারুনুর রশিদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ আলাউদ্দীন, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান, লিত্ত জে বাড়ৈই প্রমুখ। উপস্থাপনা করবেন দিলরুবা সাথী এবং প্রযোজনা করবেন অনন্যা রুমা।
 
ইত্তেফাক/এমএআর