‌‘বিনা বিচারে কেউ কারাগারে বন্দী থাকলে তা দুঃখজনক'

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৩:২৫
 
বিনা বিচারে কেউ কারাগারে বন্দী থাকলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।  
 
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমার জন্য বিচারপতি হিসেবে সবচেয়ে মর্মান্তিক হবে যদি বিনা বিচারে কেউ কারাগারে থাকেন। একটা প্রবাদ আছে আমরা বিনা বিচারে ১০০ জন অপরাধীকে ছাড়তে পারি কিন্তু নির্দোষ একজনকেও আটকে রাখতে পারি না। তা মানবাধিকার লঙ্ঘন করা হবে।
 
তিনি বলেন, কারা ফটকের সামনে থেকে প্রায় সময়ই আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুরান ঢাকার যে আবস্থা, সেখান থেকে আসামি স্থানান্তর করা অনেকটা ঝুঁকিপূর্ণও। আর যদি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন নিম্ন আদালত স্থানান্তর করা যায় তাহলে আদালত ও কারা উভয় কর্তৃপক্ষের জন্যই মঙ্গলজনক হবে। এ জন্য চেষ্টা করা হবে। আর পুরান ঢাকার কারাগার থেকে এখানে বন্দীরা একটু ভাল আছে। কেননা জায়গার সংকট নেই।
 
এর আগে সুরেন্দ্র কুমার সিনহা কারাগারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। প্রায় আধা ঘণ্টা কারাগারের ভেতর অবস্থান করার সময় তিনি বন্দীদের সঙ্গেও কথা বলেন।
 
 
ইত্তেফাক/এএসএস