আটঘরিয়ায় পুলিশকে গুলির ঘটনায় গ্রেফতার ২

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৪:৩৫
 
পাবনার আটঘরিয়া থানার দুই এসআইকে গুলি করার ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার রাতে আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে সিপিসি-২ পাবনা ক্যাম্পে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানায় র‌্যাব।
 
গ্রেফতারকৃতরা হলেন-ঈশ্বরদীর মুলাডুলি বাজার এলাকার শাকিল হোসেন ও পাবনা সদরের কোমরপুর গ্রামের সুজাউদ্দিন হৃদয়।
 
র‌্যাব-১২ এর সিও মো. শাহাবুদ্দিন খান বিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানিঘাটা এলাকা থেকে শাকিল হোসেনকে এবং ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে সুজাউদ্দিন হৃদয়কে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাব অধিনায়ক জানান, পাবনার গাছপাড়া এলাকার শ্যামলী এনআর গ্যাস পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেয়াকে কেন্দ্র করে আমিরুল ও শরীফ নামের দুই যুবকের সাথে শরীফ, শাকিল ও তার সহযোগীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরই প্রতিশোধ নিতে গত ২৬ জানুয়ারি সকালে আমিরুলকে গুলি করলে লক্ষ্যভ্রষ্ট হয়। এলাকাবাসী এগিয়ে গেলে হামলাকারীরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটঘরিয়া থানার দুই এসআই তাদের গ্রেফতারের চেষ্টা করে। এ সময় এসআই মনির হোসেন ও তোফাজ্জল হোসেনকে গুলি করে পালিয়ে যায় শাকিল, শরীফ ও তার সহযোগীরা।
 
ইত্তেফাক/এএসএস