নেত্রকোনার ৪ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
অভিযুক্ত ৪ জন হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আজিজুর রহমান ৬৫, আলোক আলী ৮২, শাহনেয়াজ ৮৮ ও খলিলুর রহমান ৭২। তাদের মধ্যে খলিলুর রহমান পলাতক রয়েছেন।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান আজ সকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এই ৪ জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণসহ ৫ ধরনের অপরাধের প্রমাণ পেয়েছি। খলিলুর রহমান ছিলেন স্থানীয় আল-বদর বাহিনীর কমান্ডার।
সংস্থার প্রধান বলেন, তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার ২২ জনকে হত্যা, একজনকে ধর্ষণ, ১৫টি বাড়ি লুট ও ৭টি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন।
এই মামলায় ৫ জন আসামির মধ্যে রমজান আলী ৭৮ বার্ধক্যজনিত কারণে পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করলে তার নাম তালিকা থেকে বাদ দেয়া হয় বলে জানান তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক এম সানাউল হক। স্বাধীনতার আগে সব অভিযুক্তই জামায়াতে ইসলামী বা মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তারা রাজাকার ও আলবদর বাহিনীতে যোগ দিয়ে যুদ্ধ করে।
হান্নান খান বলেন, আমরা ২০১৫ সালের ৩০ এপ্রিল তদন্ত শুরু করে ৭৯ জনের সাক্ষ্যের ভিত্তিতে ৫৪৬ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তৈরি করে। সংস্থার পক্ষ থেকে এটি হচ্ছে ৪৬তম তদন্ত প্রতিবেদন।
ইত্তেফাক/এএন
