বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:৪৪
বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সার্চ কমিটির সদস‌্যদের বৈঠক শুরু হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠনে মতামত নিতে এই বৈঠক শুরু হয় ‌সোমবার বিকাল সোয়া ৪টার দিকে পরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে। 
 
আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সার্চ কমিটির সদস্যরা বিকাল পৌনে ৪টার দিকে জাজেস লাউঞ্জে পৌঁছান। 
 
শনিবার এই জাজেস লাউঞ্জেই সার্চ কমিটির প্রথম বৈঠক হয়। সেখানেই বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনার সময় ও তালিকা চূড়ান্ত করা হয়।
 
১২ বিশিষ্ট নাগরিক হলেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, হাইকোর্টের সাবেক বিচারপতি আবদুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য এ কে আজাদ চৌধুরী ও এস এম এ ফায়েজ, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, সাবেক দুই নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদা।