মান্দায় ট্রাকের ধাক্কায় নারী নিহত, চালক ও হেলপার আটক

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ২০:১০
নওগাঁর মান্দা উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় সুলতানা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন।
 
সোমবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ট্রাকের চালক হাফিজুর রহমান (৫০) ও তার সহযোগী সায়েদকে (৪৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
 
আটক হাফিজুর বগুড়া সদর উপজেলার আকাশতারা গ্রামের আজগর আলীর ছেলে ও সহযোগী সায়েদ গাবতলী সন্ধ্যাবাড়ি এলাকার মো. জামুর ছেলে। নিহত সুলতানা উপজেলার কুসুম্বা গ্রামের রেজাউল হকের স্ত্রী।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বগুড়া থেকে পানবরজের ওয়াসি নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে যাচ্ছিল। সকাল ১০টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে সুলতানা বেগম রাস্তা পারাপারের হচ্ছিলেন। এ সময় ট্রাকটির ধাক্কায় তিনি গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/এএসএমইউ