শাহজালালে সাড়ে ১১ লাখ টাকার সিগারেট জব্দ

আপডেট : ৩০ জানুয়ারি ২০১৭, ১৮:৪২
হযরত শাহজালাল বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ১৪৪ কার্টন বিদেশি সিগারেটসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটকৃতের নাম মোহাম্মদ হাসান। সোমবার সকালে ওই যাত্রীর দুইটি লাগেজ থেকে উদ্ধার হওয়া সিগারেটের দাম প্রায় সাড়ে ১১ লাখ টাকা।
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সোমবার সকালে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-০৫১৭) মোহাম্মদ হাসান ঢাকায় আসেন। গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা তাকে নজরদারিতে রাখে। তিনি ৫ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করার পর কাস্টমস কর্মকর্তারা জব্দ করে তল্লাশি চালায়। এসময় তার লাগেজ থেকে বেনসন অ্যান্ড হেজেজ, ইজি এবং থ্রি জিরো থ্রি ব্র্যান্ডের ১৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) ফাঁকি দেয়ার জন্যই চোরাই পথে তা আনা হয়েছিল বলে মোহাম্মদ হাসান জানিয়েছেন। তার বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
 
ইত্তেফাক/এমআই