ফেনীর দাগনভূঁঞা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিবি কুলসুম ঝর্ণা দক্ষিণ আলীপুর গ্রামের ওমান প্রবাসী ওয়ালি উল্লার ছেলে।
রবিবার দিনগত রাতে দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের হলুদ ব্যাপারী বাড়ির ওমান প্রবাসী ওয়ালি উল্লার ঘরে রবিবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁদ কেটে প্রবেশ করে তার স্ত্রী বিবি কুলসুম ঝর্ণাকে (৩৫) গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে দাগনভূঁঞা থানায় নিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাগিনা শাহাদাত হোসেন জানান, ঘটনার দিন রাত আনুমানিক দুইটায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সিঁদ কেটে ঘরে প্রবেশ করলে তাদের তার মামী চিনে ফেলে। এক পর্যাযে তাকে জবাই করে হত্যা করে দু্র্বৃত্তরা। দুর্বৃত্তরা এ সময় ঘরের কোনো মালামাল লুট করেনি।
দাগনভূঁঞার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ইত্তেফাক/এএসএমইউ
