জয়পুরে ‘পদ্মাবতী’র সেটে পরিচালক সঞ্জয় লীলা বানশালির উপর রাজপুত কার্নি সেনা নামে ভারতের একটি সংগঠনের বিক্ষোভ, হেনস্তা-মারপিটের ঘটনায় প্রতিবাদে গর্জে উঠেছে বলিউডের একাংশ।
টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন এই ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন। ঘটনার সঙ্গে সঙ্গে বিদ্বেষ ঝাড়েন নির্মাতা করণ জোহর। এবার এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন সুশান্ত সিং রাজপুত।
নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে এক দিনের জন্য তাঁর নাম থেকে ‘রাজপুত’ পদবী সরালেন সুশান্ত। স্পষ্ট করে দিলেন, সব রাজপুত এই ঘটনাকে সমর্থন করে না।
তিনি টুইটারে এ বিষয়ে পোস্ট করে জানান, যারা এই হামলার সঙ্গে যুক্ত, তাঁরা গোটা রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধি নন। অভিনেতার এই অভিনব প্রতিবাদকে ঘিরেও শুরু হয়েছে বিতর্ক। কিছু মানুষ বলতে শুরু করেছেন, সুশান্ত রাজপুত সম্প্রদায়ের মানুষ হয়ে, এই ধরনের কাজ কী করে করলেন! তবে তাঁর পিছনে দাঁড়িয়েছেন বলিউডের অনেকে।
মেবারের রাণী পদ্মিনীর কাহিনী অবলম্বনে এরআগে ‘পদ্মাবতী’ গীতিনাট্য পরিচালনা করেছিলেন বানসালি। সেটি প্যারিসে দেখানো হয়। সেখানকার দর্শকের প্রশংসা পাওয়ার পর ছবি তৈরির কথা মাথায় আসে তার।
উল্লেখ্য, মূল চরিত্রে সিনেমাটিতে অভিনয় করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
ইত্তেফাক/এমএআর
