কলম্বিয়ায় সুশীল সমাজের ১৭ নেতা খুন

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৩:০২
 
কলম্বিয়ায় গত দুই মাসে সুশীল সমাজের ১৭ নেতা খুন হয়েছেন। দেশটিতে রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) বিদ্রোহীদের সঙ্গে বিরোধপূর্ণ শান্তি প্রক্রিয়া নিয়ে উত্তেজনার মধ্যে এ নির্মম হত্যাকাণ্ড হয়েছে।
 
এ বিষয়ে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোষ সকলকে সতর্ক করে বলেছেন, নতুন সহিংসতা একটি ঐতিহাসিক শান্তি চুক্তির আওতায় বামপন্থী ফার্ক বিদ্রোহীদের ভেঙে দেয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে।
 
তিনি ডিসেম্বরে ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তি করেন এবং রক্ষণশীল বিরোধীদের সমালোচনা সত্ত্বেও আইনের মাধ্যমে তা এগিয়ে নেয়ার চেষ্টা করেন।
 
এর কয়েক সপ্তাহের মধ্যে সংঘাত প্রবণ এলাকাগুলোতে অজ্ঞাতপরিচয় গ্রুপের হাতে সুশীল সমাজের স্থানীয় প্রতিনিধিদের খুন হওয়ার খবর পাওয়া গেল।
 
সোমবার রাজ্য সংঘাত প্রস্তাব কমিটি ‘ভিক্টিমস ইউনিট’ এক বিবৃতিতে জানায়, কংগ্রেস শান্তি চুক্তি অনুমোদন করার পর ১ ডিসেম্বর থেকে সুশীল সমাজের ১৭ নেতাকে হত্যা করা হয়েছে।
 
সর্বশেষ যিনি খুন হয়েছেন তিনি হলেন পোরফিরিও জারামিল্লো। তিনি গ্রামীণ ভূমি পুনরুদ্ধার আন্দোলনকারী একটি সংগঠনের নেতা। শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলের অ্যান্টিওকুই এলাকায় খুন হন তিনি। বাসস।
 
ইত্তেফাক/আরএ