বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। দলটিকে সময় থাকতে ভুল রাজনীতি থেকে সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পল্লী-বিদ্যুৎ শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দেবে সেটাই আমরা মেনে নেব। আমরা ৫ জনের নাম দিয়েছি। তালিকায় যদি তাদের একজনেরও নাম না থাকে তবুও আমরা সেটা মেনে নেব। কিন্তু বিএনপির সেই মানসিকতা নেই। তাদের উদ্দেশ্যটাই এমন- বিচার মানব তালগাছ আমার।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন চাই। রাষ্ট্রপতি যাদের নিয়োগ দেবেন আমরা স্বাগত জানাব।
তিনি বলেন, বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের ভাগ্য ও উন্নয়ন এগিয়ে যাচ্ছে। একটি চক্রান্তকারী মহল মেনে নিতে পারছে না। তারা একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্র চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সব ষড়যন্ত্র-চক্রান্ত প্রতিহত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের দিকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, বর্তমানে দেশের ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ-সুবিধা পাচ্ছে। আগামী দেড় বছরের মধ্যে শতভাগ মানুষ এই সুবিধা ভোগ করবে।
১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংগঠনটি এই আলোচনা সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন, কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুন সরকার রানা ও জুলফিকার আলী প্রমুখ। আলোচনা সভায় শাহানাজ পারভীন বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন।
ইত্তেফাক/আরএ
