ধুনটে সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ১০

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৮:১৩

বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের কামরুল হাসানের মেয়ে এসএসসি পরীক্ষার্থী পান্না খাতুন (১৭), জহুরুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০), জুয়েল রানা (২৭), আজিমুদ্দিন সরকারের ছেলে জুলফিকার আলী (৪২), জালাল উদ্দিন সরকারের ছেলে কামরুল ইসলাম (৪০), শাহজাহান আলীর ছেলে রতন মিয়া (২৫), মিজানুর রহমানের স্ত্রী দোলেনা খাতুন (৩০), মতিউর রহমানের ছেলে হবিবর রহমান (৫০), দেলবর হোসেনে (৫৫) ও মমতাজ জোয়ারদারের ছেলে জাহাঙ্গির আলম (৪০)।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, হটিয়ারপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান জোয়ারদারের সঙ্গে একই গ্রামের জালাল উদ্দিন সরকারের ছেলে বনিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মঙ্গলবার সকালের দিকে বনিজার রহমান ও তার লোকজন বিবাদমান জমিতে বোরো ধান রোপনের প্রস্তুতি নেন।

এ সময় মিজানুর রহমান ও তার লোকজন ওই জমি পাল্টা দখল করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। হাসপাতালে আহতদের চিকিৎসার খবর নেওয়া হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এএন