গ্রাহকদের কাছে দ্রুত ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ব্যাংক এশিয়া এবং প্রাণ-আরএফএল গ্রুপ মঙ্গলবার তিনটি চুক্তি স্বাক্ষর করেছে।
চুক্তি অনুযায়ী ব্যাংকের গ্রাহকরা প্রাণ-আরএফএল গ্রুপের বেস্টবাই এবং ডেইলি শপিং আউটলেটে স্থাপিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং আউটলেট থেকে যে কোন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ কর্মীদের ব্যাংক এশিয়া আর্থিক সেবা প্রদান করবে।
ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরীর উপস্থিতিতে রাজধানীর তেজগাঁও পুরান বিমানবন্দর রোডের র্যাংগস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক মিসেস উজমা চৌধুরী এবং ব্যাংক এশিয়ার পক্ষে ব্যাংকের সিয়িয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহানুদ্দীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও স্কশিয়া শাখার প্রধান আব্দুল লতিফ এবং ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান আহসান উল আলম তিনটি চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী ও এ. এম নুরুল ইসলাম, বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, পরিচালক এম. শাহজাহান ভূঁইয়া, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল আলম উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
