নতুন নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা নিশ্চিতের দাবি টিআইবি’র

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২০:২৫
অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের লক্ষ্যে স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে দক্ষ, নিরপেক্ষ ও দৃঢ়চেতা ব্যক্তিদের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্যবৃন্দ। 
 
মঙ্গলবার টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সদস্যদের এক সভায় তারা এ দাবি জানান। 
 
সরকার প্রণীত জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত অন্যতম প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কার্যকারিতার ওপর দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে অগ্রগতি নির্ভরশীল বলে মন্তব্য করেন টিআইবি সদস্যবৃন্দ। সভায় সদস্যরা আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিয়োগ প্রদানের সুস্পষ্ট সাংবিধানিক বাধ্যবাধকতা থাকার পরেও এ সংক্রান্ত কোনো আইন এখনো প্রণীত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে ইতিমধ্যে দৃশ্যমান জাতীয় ঐক্যের প্রেক্ষিতে তারা অনতিবিলম্বে সংশ্লিষ্ট সকল অংশীজনকে সম্পৃক্ত করে নির্বাচন কমিশনে নিয়োগ পদ্ধতি সম্পর্কিত আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। 
 
ইত্তেফাক/এমআই