শ্রীলঙ্কার বিপক্ষে অজিদের টি-টোয়েন্টি নেতৃত্বে ফিঞ্চ

আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২১:১৪
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্ট সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিবেন অ্যারন ফিঞ্চ। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিতে হচ্ছে তাকে।
 
মেলবোর্ন রেনেগেডসের এই অধিনায়ক এর আগে অস্ট্রেলিয়াকে ৬টি টি২০ আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া ম্যাথু ওয়েডের ইনজুরির কারণে অস্থায়ী অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডেসোমবার প্রথম ওয়ানডেতে তিনি দলের নেতৃত্বে ছিলেন।
 
বুধবার সকালে অস্ট্রেলিয়ার পুরো দল ঘোষণা করা হবে। স্মিথ, ওয়ার্নার, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সর্ওেয়ল, জস হ্যাজেলউড, উসমান খাজা ও মিশেল মার্শ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এজন্য তাদেরকে এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে রাখতে চাইছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
 
মঙ্গলবার টি২০ দলের অধিনায়ক মনোনীত হবার পরে ফিঞ্চ বলেছেন, ‘টি২০ দলে ফিরতে পারাটাই আনন্দের। তার উপর স্টিভের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া বাড়তি দায়িত্ব। আইসিসি টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবার পরে ইনজুরির কারণে স্টিভ দলের দায়িত্ব পায়। কিন্তু একটি কথা সবাইকে মনে রাখতে হবে দেশের হয়ে অধিনায়কত্ব করার সুযোগ যেকোন সময়ই আসতে পারে। সেজন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে।'
 
তিন ম্যাচের সিরিজটি আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেলবোর্ন ক্রিকেট মাঠে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি জিলংয়ের কারডিনিয়া পার্কে ১৯ ফেব্রুয়ারি ও এডিলেড ওভালে তৃতীয় ম্যাচটি ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ