রেকর্ড ব্রেকিং সাফলতা অর্জনের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তী ববি রবসন ও ডেনিস ল’দের কাতারে ওয়েন রুনিও থাকার দাবি রাখেন বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার ডুইট ইয়র্ক।
৩১ বছর বয়সী রুনি সম্প্রতি ইউনাইটেডের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন অলংকৃত করেছেন। স্টোকের বিপক্ষে সম্প্রতি গোল করে চর্লটনের রেকর্ডটি ভেঙ্গে দেন রুনি। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের গোলটি রুনির নামের পাশে ২৫০তম গোল হিসেবে যুক্ত হয়। যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ গোল দাতার আসনে বসিয়ে দেয় তাকে।
ইউনাইটেডের হয়ে সর্বোচ্চ গোলদাতার আসনে বসার পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলেরও সর্বোচ্চ গোলতার রেকর্ডটি দখলে রয়েছে রুনির। ২০১৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে ওই আসনটি দখল করেছিলেন এই ইংলিশ স্ট্রাইকার।
এত সফলতার পরও সমালোচনা পিছু ছাড়ছেনা রুনির। তবে টোবাকোর ফুটবল তারকা ইয়র্কের মতে রুনি যে সর্বকালের সেরাদের কাতারে, সে বিষয়ে কোন সন্দেহ নেই। তিনি বলেন,‘ প্রায় ৪০ বছরেরও অধিককালের রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন ৩১ বছর বয়সী এই তারকা। এর মাধ্যমে তিনি সর্বকালের সেরাদের আসনে অধিষ্ঠিত হয়েছেন।
তিনি ইউরোপীয় কাপ যেমন জিতেছেন, তেমনি জয় করেছেন প্রিমিয়ার লিগের শিরোপা। এমনকি এফএ কাপ ও ইএফএল কাপও তার সংগ্রহকে সমৃদ্ধ করেছে। এই ক্লাবে তিনি ১০ বছরেরও অধিক কাল কাটিয়ে দিয়েছেন, এক কথায় বলতে গেলে ফুটবল ক্লাবটির জন্য যা কিছু অর্জন করা দরকার তার সবটুকুই অর্জন করেছেন তিনি।’
ইয়র্ক বলেন, ‘শুধু এখানেই নয়, তিনি আন্তর্জাতিক পরিমন্ডলের ইতিহাসের পাতায়ও নিজেকে পৌঁছে দিয়েছেন। আমার মতে ইংল্যান্ডের জনগণ ও মিডিয়ার উচিত তার প্রশংসা করা। বছরের পর বছর ইংল্যান্ডের জন্য তিনি যে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করছেন তার প্রশংসা করা উচিৎ।
ইত্তেফাক/এমএইচ
