মন্ত্রপাঠের মাধ্যমে বুধবার সকাল আটটায় শুরু হয়েছে সরস্বতী পূজা। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। গতকাল মঙ্গলবার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচনা হয়। চলবে আজ রাত অবধি।
সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। আজ সকাল হবে বাণী অর্চনা। পুরোহিতরা 'সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে'- এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন, পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। তাদের বিশ্বাস, দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। দেবীর সামনে 'হাতেখড়ি' দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে অনেকস্থানে। সন্ধ্যায় থাকবে আরতি। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি।
রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রাঙ্গণসহ বিভিন্ন মণ্ডপে এ পূজা উদযাপিত হবে।
ইত্তেফাক/এসএস
