শচীনকে ব্যাটিংয়ের 'টেকনিক' শেখান হোটেল ওয়েটার

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৬
শচীন টেন্ডুলকারের বর্ণিল ক্যারিয়ারে এমন মজার গল্প প্রচুর রয়েছে। তার মধ্যে থেকে মাঝে মাঝেই দুয়েকটা শোনান তিনি। সম্প্রতি তিনি এমনই একটা গল্প শোনালেন।
 
চেন্নাইয়ের এক হোটেলের ওয়েটার নাকি একবার ক্রিকেটের ঈশ্বরকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিয়েছিলেন! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হয়েছিলো বলে জানিয়েছেন শচীন নিজেই।
 
সোমবার শচীন বলেন, 'কারোর মানসিকতা যদি মুক্ত এবং উদার হয়, তাহলে সে অনেক কিছু শিখতে পারে। চেন্নাইয়ের এক হোটেলে আমার সঙ্গে এমনই ঘটনা ঘটেছিল। হোটেলের এক ওয়েটার আমার দিকে এগিয়ে এসে বলেছিল, আপনি যদি রাগ না করেন তাহলে আমি কিছু কথা বলতে চাই। আমি বললাম, নিশ্চিন্তে বলুন। তিনি বলেছিলেন, এলবো গার্ডের জন্য আপনি ব্যাটটা ঘোরাতে পারছেন না। আর সত্যি কথা বলতে কী, তিনি শতভাগ সঠিক ছিলেন।'
 
আন্তর্জাতিক ক্রিকেটে শচীন মোট ৩৪ হাজার ৩৫৭ রান করেন। এরমধ্যে আবার শতরানের সেঞ্চুরি রয়েছে।
 
উল্লেখ্য, ইতোমধ্যে এলবো গার্ড নিয়ে শচীনের কিছু সমস্যা হলেও সেটা তিনি অগ্রাহ্য করে যান। পরবর্তীকালে ব্যাট করার সময় তার এলবো গার্ডে বারবার বল এসে লাগত। এরপর তিনি এলবো গার্ডের নকশা বদলে ফেলেন।
 
শচীন বলেন, 'এই কথা শোনার পর আমি এলবো গার্ডের নকশা পরিবর্তন করি। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে পানওয়ালা থেকে কোনো প্রতিষ্ঠানের সিইও পর্যন্ত পরামর্শ দিতে পারে। তবে সেটা নেওয়ার মতো মানসিকতাও থাকতে হবে।'
 
ইত্তেফাক/এএম