অবহেলায় সত্য সাহার জমিদার বাড়ি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১০
 
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দীরহাটে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী সত্য সাহার ঐতিহ্যবাহী জমিদার বাড়ি অবহেলার পড়ে আছে। পুরানো এই বাড়িটি প্রয়োজনীয় সংস্কার ও সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্য ও গৌরব।
 
চট্টগ্রাম শহরের পাহাড়তলির নন্দীরহাট এলাকায় সঙ্গীত শিল্পী সত্য সাহার জমিদার বাড়ির অবস্থিত। সপ্তদশ শতাব্দীতে এই জমিদারদের গোঁড়া পত্তন হয়। সে সময়ে নির্মিত পুরাকীর্তি, মন্দির ঐতিহ্যবাহী বাড়িটির সৌন্দর্য ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। সরেজমিন ওই বাড়ি ঘুরে ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির আঙ্গিনা প্রায় ২০০ একর জায়গা জুড়ে। জমিদারদের আমলে এখানে গড়ে তোলা হয় আকর্ষণীয় দ্বিতল-ত্রিতল দালানকোঠা ও বাগান বাড়ি। এখানকার সারিবদ্ধ দালানকোঠা ও পূজার মণ্ডপ আজও মানুষের দৃষ্টি কাড়ে।
 
তখনকার যুগে জমিদারদের প্রচণ্ড দাপট ও প্রতাপের কথা সর্বজন বিদিত। ১৯৩৪ সালের ২৫ ডিসেম্বর সত্য সাহার জন্ম হয় এই জমিদার বংশে। ১৯৪৬-৪৮ মাঝামাঝি সময়ে তিনি নারায়ণগঞ্জ রামকৃষ্ণ স্কুল থেকে এস এস সি পাশ করেন। ১৯৫১ ও ৫২ সালে ভারতের কলকাতা একটি কলেজ থেকে বি.এ পাশ করেন বলে জানিয়েছেন ওই বাড়িতে বসবাসরত তাদের আত্মীয় স্বজনরা। জমিদার বংশের লোকেরা গ্রীষ্মকালে বিলাস বহুল চলাফেরা করতেন, ঘোড়ার গাড়ী এবং সু-সজ্জিত পালকি ছাড়া বাড়ী থেকে বের হতেন না সেই সব দিনের ইতিহাস, ঐতিহ্য-নিদর্শন বহনকারী জমিদার বাড়ি বর্তমানে ধ্বংসের মুখোমুখি।
 
১৯৫৫ সালে সত্য সাহার প্রথম ছবি সুতরাং দিয়ে সঙ্গীত শিল্পী হিসাবে যাত্রা শুরু করেন তিনি। সুতরাং ছবিটি এই জমিদার বাড়ীতে চিত্রায়িত হয়েছিলো তখন। ১৮দিনে সত্য সাহার বাড়ীতে শুটিং শেষ করেন। ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে সত্য সাহার দুই ছেলে বড় ছেলে সুমন সাহা এবং ছোট ছেলে ইমন সাহা সঙ্গীত শিল্পী হিসাবে কাজ করে যাচ্ছেন।
 
ইত্তেফাক/এসএস