লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। এতে আওয়ামী লীগের স্থানীয় ৬৫ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওসমান গনি বাদী হয়ে দলীয় নেতা মোখলেছুর রহমান পান্নুসহ ৬৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে রায়পুর থানায় লিখিত এই এজাহার দায়ের করেছেন।
শনিবার সকালে রায়পুর থানার (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া ওই লিখিত এজাহারের বিষয় নিশ্চিত করে বলেন, খাসেরহাট বাজারে আওয়ামী লীগের কার্যালয় এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল ভাঙচুরের ঘটনায় ওসমান গনি বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে একটি এজাহার দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন : গুলশানে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত খাসেরহাট বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, চেয়ার ও টেবিল ভাঙচুর করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে বাজারে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/কেআই

