এক বছরের জন্য নিষিদ্ধ আন্দ্রে রাসেল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৪
ডোপ পাপে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল।  মঙ্গলবার তিন সদস্যের স্বাধীন এক প্যানেল রাসেলকে এ নিষেধাজ্ঞা দেয়।
 
চলতি বছরের ৩১ জানুয়ারি থেকে শুরু করে  চলবে ২০১৮ সালের ৩০ জানুয়ারি।
 
২০১৫ সালে তিনবার ড্রাগ টেস্টে উপস্থিত ছিলেন না রাসেল। এজন্য গত বছর মার্চে তার বিরুদ্ধে অভিযোগ আনে জ্যামাইকা ডোপবিরোধী কমিশন। কেন তিনি ড্রাগ টেস্টে উপস্থিত ছিলেন না এর কারণ জানাতে ব্যর্থ হন রাসেল। আর বিশ্ব ডোপবিরোধী এজেন্সির (ওয়াডা) নিয়মানুযায়ী বিষয়টি ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার শামিল।
 
এ নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও  আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে পারবেন না।
 
তবে তার আইনজীবী প্যাট্রিক ফস্টার দাবি করেছেন, রাসেল পুরোপুরি নির্দোষ।  তিনি এক বছরের নিষেধাজ্ঞার বিষয়টি মেনে নিতে পারছেন না।
তিনি বলেন, আন্দ্রে রাসেল একজন পরিচ্ছন্ন অ্যাথলেট। ক্রিকেটকে তিনি সম্মান করেন, ভালোবাসেন। তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত মেনে নেয়া যায় না।
 
ইত্তেফাক/এমএইচ