বইমেলায় প্রকাশনা প্রতিষ্ঠান নালন্দার স্টলে (৩৭৩-৩৭৬) পাওয়া যাচ্ছে গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর প্রথম উপন্যাস ‘দারবিশ’।
তিন দশকের চমৎকার প্রেক্ষাপটে রচিত হয়েছে এই উপন্যাস। ‘সেক্স’, ‘ড্রাগস’এবং ‘রক এন রোল’এই তিনটি নিষিদ্ধ শব্দ ছিল ষাট, সত্তর ও আশির দশকের হতাশাগ্রস্থ আমেরিকান তারুণ্যের আশ্রয়। যখন ভিয়েতনাম যুদ্ধ আর শীতল যুদ্ধে অস্থির টালমাটাল আমেরিকা। সেই সময়ে অভিমানী এক তরুণ ঢাকা থেকে চলে গিয়েছিল আমেরিকার সান-ফ্রান্সিসকোতে ডাক্তারি পড়তে।
এটা সেই সান-ফ্রান্সিসকো যাকে বলা হত ‘এন্টি কালচার’বা হিপ্পি আন্দোলনের রাজধানী। সহপাঠীদের সঙ্গে ভিয়েতনাম যুদ্ধবিরোধী শান্তি আন্দোলনে অংশ গ্রহণ করতে করতে তার চোখে পড়ছিল পুঁজিবাদের গভীর সংকট আর বীভৎস রক্তাক্ত ক্ষত গুলো। দুই আদর্শবাদের ধারক দুই পরাশক্তির লড়াইয়ের ভেতর দিয়ে বের হয়ে আসা অন্ধকার রাজনীতি সেই তরুণকে পরিণত করেছিল বিশ্বনাগরিক। ৬০ মিলিয়ন লম্বা চুলের হিপ্পি যখন আমেরিকার রাস্তায় রাস্তায় ঘুরছে, যখন আমেরিকার ঘরে যুদ্ধ, বাইরে যুদ্ধ, ঠিক তখন ছেলেটির জীবনে প্রেম হয়ে আসে মেলিনি নামে প্রখর রাজনীতি সচেতন দেশপ্রেমিক এক আমেরিকান নারী। যাকে রাশিয়ান স্পাই মনে করে হন্যে হয়ে খুঁজছে এফবিআই। এরপর শুরু হল তাদের পলাতক জীবন। মেলিনিকে নিয়ে টেক্সাস থেকে চোরাই পথে মেক্সিকো ঢোকার সময় ছেলেটির জীবনে ঘটে এক চরম বিপর্যয়...।
প্রায় ৭০ বছর বয়স নিয়ে সেই তরুণ আবার ঢাকায় ফেরে, তার ফেলে যাওয়া সেই রোমান্টিক ঢাকা যাকে সে নাম দিয়েছিল ‘সিটি অব মিউজিক’। পরিচয় হয় এক তরুণীর সঙ্গে, যে তরুণীর মননশীলতা তৈরি হয়েছিল সেই সময়ের এলভিস প্রেসলী, বিটলস, বব ডিলান, জিমি হ্যান্ড্রিক্স, জিম মরিস্ন, লেড জেপলিন, পিঙ্ক ফ্লয়েড, ইউ-টু আর নির্ভানা শুনে শুনে। মেয়েটি অদ্ভুতভাবে লোকটির ৩০ বছর বয়সের সেই লম্বা চুলের হিপ্পির প্রেমে পড়ে যায়। সমস্যাটা শুরু হয় তখনই...।
শিবলীর মতে এই উপন্যাসের স্থান সত্য, কাল সত্য, ইতিহাস সত্য, কাল্পনিক শুধু এর চরিত্রগুলো। মেলায় নালন্দার স্টলে তাকে নিয়মিত পাওয়া যাবে।
উল্লেখ্য, লতিফুল ইসলাম শিবলীকে সবাই চেনেন মূলত গীতিকবি হিসেবে। নব্বইয়ের দশকে তার লেখা ‘জেল থেকে বলছি’, ‘তুমি আমার প্রথম সকাল’, ‘আমি কষ্ট পেতে ভালবাসি’, ‘কেউ সুখি নয়’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘হাজার বর্ষারাত’, ‘পলাশীর প্রান্তর’, ‘প্রিয় আকাশী’সহ অনেকগুলো গান জনপ্রিয়তা পায়। তিনি প্রায় তিন-চারশো গান লিখেছেন। পুরো একটা জেনারেশনের দৈনন্দিন দুঃখ সুখের ডাইরি হয়ে আছে শিবলীর গান। আধুনিক তারুণ্যের ভাষাকে তিনি তার গীতিকবিতায় এঁকেছেন অত্যন্ত সহজ সরল ‘রক’এর ভাষায়। তাই অল্প সময়ের মধ্যেই শিবলী পরিণত হয়েছেন এদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি গীতিকবিতে।
ইত্তেফাক/ইউবি
