চেলসিকে রুখে দিলো লিভারপুল। জিরো থেকে হিরো বনে গেলেন লিভারপুলের গোলরক্ষক সিমন মিগনোলেট। মঙ্গলবার এনফিল্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের চেলসি ও লিভারপুলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
প্রথমার্ধে ফ্রি কিক থেকে গোল করে ডেভিড লুইজ চেলসিকে এগিয়ে দেবার পর দ্বিতীয়ার্ধে জিওর্জিনিও উইজনালডাম গোলটি পরিশোধ করে দেন। ম্যাচের শেষভাগে দিয়েগো কস্তার পেনাল্টি ঠেকিয়ে দিয়ে চেলসির নিশ্চিত জয়টি ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক সিমন।
দিনের অন্য ম্যাচে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার পয়েন্ট খোয়ানোর কারণে এদিন জয় পেলে ১১ পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে থাকতো চেলসি। তবে এই ড্রয়ের কারণে ৯ পয়েন্টের লিডে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে কোচ এন্তনিও কন্তের শিষ্যদের।
তিনি বলেন, কস্তা পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেও গোটা ম্যাচ জুড়ে খুবই ভাল খেলেছে। আমরা গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিলাম। তবে এই ফলাফলেও আমাদের সন্তুষ্ট থাকা উচিত। কারণ লিভারপুলের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচ খেলাটা খুব সহজ নয়।’
ম্যাচ শেষে চেলসির চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে লিভারপুল। যদিও চলতি বছর অর্থাৎ ২০১৭ সালে ৯ ম্যাচে অংশ নেয়া ক্লাবটি একটি মাত্র ম্যাচে জয়লাভ করেছে। ১৯২৩ সালের পর এই প্রথম তারা টানা চারটি হোম ম্যাচে হার এড়াতে সক্ষম হয়েছে।
এই ম্যাচের ফলাফলে শিরোপার জয়ের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে এসেছে, তারপরও লিগ কাপ ও এফএ কাপ থেকে ছিটকে পড়া ইয়র্গেন ক্লপের দলটি তাদের পারফর্মেন্সের উন্নতি ঘটিয়েছে।
লিভারপুলের এই কোচ বলেন, ‘এই মুহূর্তে আমার মধ্যে যে অনুভুতি তা প্রকাশের জন্য ‘খুশি’ শব্দটি সঠিক হবে কিনা নিশ্চিত নই। তবে এই ছেলেদের জন্য আমি গর্ব করছি। সত্যিকারের একটি ভাল দলের বিপক্ষে আজ তারা অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেছে। এটি ছিল চমৎকার একটি পারফর্মেন্স। এজন্য আমি খুশি। আশা করি আমরা এটিকে ধারণ করে ভাল একটি পরিবেশ সৃষ্টি করতে পারব।’
ম্যাচের ২৪ তম মিনিটে আনুমানিক ২৫ গজ দূর থেকে একটি ফ্রি কিক থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন ডেভিড লুইজ। ব্রাজিলীয় এই ফুটবল তারকার নেয়া শটটি প্রতিরক্ষা দেয়ালের ওপর দিয়ে বাঁ প্রান্ত দিয়ে পোস্টে প্রবেশ করে (১-০)।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মধ্যে সমতায় ফিরে আসতে পারতো স্বাগতিক লিভারপুল। রবার্তো ফিরমিনোর ১৫ গজ থেকে উড়ে আসা ক্রসের বলে ক্লেইন হেডের প্রস্তুতি নেবার আগেই সেটি কেড়ে নেন ইডেন হেজার্ড। শেষ পর্যন্ত অবশ্য সমতায় ফিরতে সক্ষম হয় স্বাগতিক দল। ম্যাচের ৫৭তম মিনিটে একটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে জেমস মিলনার সজোরে শট নিলে বলটি নিয়ে সমতা সূচক গোল করেন জিওর্জিনিও উইজনালডাম (১-১)।
ইত্তেফাক/এমএইচ
