রাসেলের নিষেধাজ্ঞায় বিপাকে যেসব দল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩১
ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে ক্রিকেট থেকে এক বছর নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক মাদক বিরোধী সংস্থা ওয়াডা। এই সময়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি খেলতে পারবেন না ঘরোয়া ক্রিকেটেও।
 
রাসেলকে মিস করবে যেসব দল
 
ইসলামাবাদ ইউনাইটেড
 
আসন্ন পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার কথা ছিলো রাসেলের। বর্তমান চ্যাম্পিয়ন দলের হয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।
 
কলকাতা নাইট রাইডার্স
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতিয়েছেন রাসেল। গত দুই বছরই দলের প্রাণভোমড়া ছিলেন তিনি। ২০১৫ সালে দলের হয়ে ৩২৬ রান করেন তিনি, বল হাতে নেন ১৪ উইকেট। পরের বছর ২০১৬ সালেও ১৬ উইকেট নিয়ে হন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী।
 
জ্যামাইকা তালাওয়াস
 
নিজ দেশের ঘরোয়া টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জ্যামাইকার হয়ে খেলতেন রাসেল। ২০১৬ সালে তিনি ১৭২ স্ট্রাইক রেটে ২৮৬ রান করেন, বলে হাতে নেন ১১ উইকেট।
 
 
সিডনি থান্ডার
 
বিগ ব্যাশের দল সিডনি থান্ডারের হয়ে দারুণ সফল এই অলরাউন্ডার। ২০১৫-১৬ মৌসুমে ব্যাট হাতে ১৮৫ রান নেয়ার পাশাপাশি ছিলো ১৬ উইকেট।
 
নটিংহ্যামশায়ার
 
ইংলিশ কাউন্টি নটিংহ্যামশায়ারের হয়ে ব্যাট ও বল হাতে সফল রাসেল। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ২৫ বলে ৪১ রানের ইনিংস ছাড়াও ছিলো ২৮ রানে দুই উইকেট। ডার্বিশায়ারের বিপক্ষে ২০ রানে ৩ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ১৮ বলে ৩৯ রান।
 
ঢাকা ডায়নামাইটস
 
বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতিয়েছেন এই ক্যঅরিবিয়ান। তার ব্যাটিং নৈপুণ্যেই ফাইনাল নিশ্চিত করেছিলো ঢাকা।
 
ইত্তেফাক/এমএইচ