কুষ্টিয়ার মিরপুরে সেতু সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২০

কুষ্টিয়ার মিরপুরে সেতু সংস্থার নির্বাহী পরিচালকের নির্বাহী আদেশে কর্মীদের নিকট থেকে ফাঁকা চেক জমা নেয়ার প্রতিবাদ এবং গৃহীত সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঘেরাও ও অবস্থান কর্মসূচী পালন করছে সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের হাজরাহাটি গ্রামস্থ সংস্থার সভাপতি ওমর আলী’র বাসভবন ঘেরাও করে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি না মানলে কোন ভাবেই তারা অবস্থান থেকে সড়ে দাঁড়াবেন না।

এসময় বিক্ষোভকারীরা বলেন, গত ২৯ জানুয়ারী সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাদের স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে সকল কর্মচারী-কর্মকর্তাদের যথাযথ স্বাক্ষরিত দুইটি করে তারিখবিহীন ফাঁকা চেক জমা দেয়ার সিদ্ধান্ত হয়। তিনি কোন আইন বলে এধরণের স্বেচ্ছাচারি সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়েছেন তা আমাদের বোধগম্য নয়।

তারা আরো জানায়, কর্মকর্তা-কর্মচারীদের কর্মকালীন প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকার পরিমান ৫ থেকে ১২ লাখ টাকা সংস্থার একাউন্টে গচ্ছিত আছে। অভিযুক্ত নির্বাহী পরিচালক আমাদের প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত টাকা আত্মসাত করার পরিকল্পনা বাস্তবায়ন করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এ জাতীয় বে-আইনী স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে স্থগিত ও বাতিল করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন, সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক গাজী রহমান, শাখা ব্যবস্থাপক মাসুদ পারভেজ, জহুরুল ইসলাম, নাসিমা খাতুন, সেলিনা আকতার প্রমুখ।

এ বিষয়ে সেতু সংস্থার সভাপতি ওমর আলী জানান, এর আগে পিকেএসএফ থেকে আমরা ঋণ পেতাম, এখন সেটা বন্ধ হয়ে গেছে, বর্তমানে ব্যাংক ঋণ নেয়ার ক্ষেত্রে আমাদের পরিচালনা পর্ষদের সদস্যদের জায়গা-জমি মর্টগেজ রেখে ঋণ নিতে হচ্ছে।

সেকারণে আর্থিক অনিয়ম রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতেই সকল কর্মচারী-কর্মকর্তাদের নিকট থেকে ব্লাংক চেক জমা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবির বিষয়ে সংস্থার নির্বাহী পরিচালক এম এ কাদের’র সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
ইত্তেফাক/এএন