ঘুষের টাকাসহ খাদ্য অধিদফতরের এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই কর্মকর্তার নাম বিউটি বেগম। তিনি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় খাদ্য গুদামের (সিএসডি) এরিয়া রেশনিং কর্মকর্তা।
বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে ঘুষের ৫০ হাজার টাকাসহ দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন ১২ সদস্যের একটি দল তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় ওই কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন নাম লেখা টাকা ভর্তি আরো কয়েকটি খাম উদ্ধার করা হয়েছে। বিউটি বেগমের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি মামলা দায়ের করা হচ্ছে বলে দুদক সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, মোস্তফা নামের এক ব্যবসায়ী ঢাকা মহানগর এলাকায় সরকারের ওএমএস (ট্রাক সেল) পদ্ধতির তিনটি ডিলারশিপ পরিচালনা করেন। সিএসডির রেশনিং কর্মকর্তা বিউটি বেগমের কাছে পাঁচটি ডিও ইস্যুর জন্য পাঁচটি ট্রেজারি চালান জমা দেন। কিন্তু ওই রেশনিং কর্মকর্তা প্রতিটি ডিওর জন্য ১০ হাজার টাকা করে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোস্তফা বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করে। অভিযোগ পাওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষে ঘুষ নেয়ার সময় রেশনিং কর্মকর্তা বিউটি বেগমকে গ্রেফতারে পরিকল্পনা করে দুদকের টিম। পরে বিকালে দুদকের টিম সিএসডি কার্যালয়ের চারপাশে ওত পেতে থাকেন। বিকাল তিনটা ৪০ মিনিটের সময় ঘুষের টাকাসহ বিউটি বেগমকে তাঁর দফতর থেকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে আরও ৫২ হাজার ৯ শত টাকা উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম।
