সিভিল অ্যাভিয়েশন, গণপূর্ত ও রেজিস্ট্রি অফিসে দুদক টিম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২১
 
দুর্নীতির উত্স অনুসন্ধানে অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, গণপূর্ত ও সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিনিধি দল।
 
বুধবার সকালে দুদক মহাপরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে ৪ সদস্যের একটি টিম সিভিল এভিয়েশনের প্রধান কার্যালয়ে যান। প্রতিনিধি দল সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীর সঙ্গে দেখা করেন। একই সময়ে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বে আরেকটি দল তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্সে যায়। সেখানে সেবাধর্মী ওই প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তাঁরা। অপর দিকে দুদক পরিচালক কাজী শফিকুল আলমের নেতৃত্বে আরেকটি দল গণপূর্ত অধিদপ্তরে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে।
 
দুদক সূত্র জানায়, দুদক মহাপরিচালক মুনীর চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল এভিয়েশনের নিয়ম কানুন, কোন কোন সেক্টরে দুর্নীতি হয় সেগুলো জানতে জানতে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরীর সঙ্গে দেখা করে বিভিন্ন ব্যাপারে তথ্য জানতে চান। দুদকের দলটি সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তাদের কাছে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ডে সহযোগিতা চায়। দুদকের কাজের প্রয়োজনে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র দ্রুত দিয়ে সহায়তার কথা বলেন দুদক কর্মকর্তারা। এসময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান দুদককে দুর্নীতি অনুসন্ধানে সহায়তা করার আশ্বস্ত করেন।

ইত্তেফাক/এএম।