মাসব্যাপী ‘একুশে নাট্যোৎসব’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৪৭
 
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মাসব্যাপী একুশে নাট্যোৎসব। সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সহযোগিতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে আজ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।
 
নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে। উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি থাকবেন রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।
 
শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন উৎসব আহ্বায়ক মীর জাহিদ হাসান এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।
 
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশিত হবে পথনাটক থিয়েটার সার্কেলের (মুন্সিগঞ্জ) ‘মাগো ওরা বলে’ এবং মঞ্চনাটক প্রাচ্যনাটের ‘মহাবিদ্যা’। এবার ঢাকা ও ঢাকার বাইরের ৩০টি নাট্যদল পথনাটক এবং ২৭টি নাট্যদল মঞ্চনাটক নিয়ে এ উৎসবে অংশগ্রহণ করবে। প্রতিদিন বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হবে।
 
ইত্তেফাক/এমএআর