অনুষ্ঠিত হলো তৃতীয় বাংলা খেয়াল উৎসব

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৭
 
বাংলা খেয়ালের প্রসার ও প্রচার সবার মধ্য ছড়িয়ে দিতে জানুয়ারি মাসের শেষ দিনটিতে বাংলা খেয়াল উৎসবের আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবন ছাদ-বারান্দায় উৎসব মঞ্চে বিরামহীন সারা রাত বাংলা খেয়াল পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পীরা।
 
উৎসবের উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় উৎসবের পরিকল্পক সঙ্গীতজ্ঞ আজাদ রহমান ও কণ্ঠশিল্পী ফেরদৌস আরাও উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে বক্তারা বলেন ‘ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সঙ্গীতকর্মে এর থেকে বড় আর কিছু নেই। কারণ পুরো উপমহাদেশের সব গানেই ক্লাসিক্যালের প্রভাব রয়েছে। বাংলা খেয়াল উৎসব ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে’।
 
অহির ভৈরব রাগে ‘মা মা বলে ডাকো’ সমবেতভাবে বন্দিশ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় চ্যানেল আইয়ের তৃতীয় বাংলা খেয়াল উৎসব। এর পর মালকোষ, মিঞা কি টৌড়ি, পদ্মা, আড়ানা, জয়-জয়ন্তী, কলাবতি ও দেশ রাগে পর পর পরিবেশিত হয় সাতটি বন্দিশ। বন্দেগুলো হলো ‘ভাষাতেই মানুষের শ্রেষ্ঠত্ব’, ‘আপন লক্ষ্য পথ’, ‘বাংলাদেশ বাংলা ভাষা’, ‘মাতৃভাষার জয়গান’ ও ‘সবার হোক কল্যাণ’।
 
একক খেয়াল পরিবেশন করেন যশস্বী শিল্পীরা। তাদের মধ্যে ইমন রাগে বন্দিশ ‘করবো মানব হওয়ার সাধনা’ পরিবেশন করেন ড. অসিত রায়। পরে পাহাড়ি রাগে একটি ঠুমরী পরিবেশন করেন এই শিল্পী। পুরিয়া ধানেশ্রী রাগে ‘দোলা দিয়ে দে’ বন্দেস পরিবেশন করেন ফেরদৌস আরা ও তার দল সুরসপ্তক।
 
চৌধুরী মোস্তাক হোসেন পরিবেশন করেন পদ্মা রাগে ‘আপন লোক পথ ভুলো না’। পুরিয়া রাগে বন্দিশ ‘হৃদয়ে হৃদয়ে একি’ এবং কলাবতি রাগে ‘মাতৃভাষার জয়গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা গোপ। উৎসবটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে।
 
ইত্তেফাক/এমএআর