শাওন চৌধুরীকে সকলে চেনেন একজন সঙ্গীতশিল্পী হিসেবে। এ পর্যন্ত তার প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ৯টি, যার দুটি আবার কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। ভারতের লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কুমার শানু, অনুরাধা পাডোয়ালসহ দেশ বিদেশের অনেক বড় মাপের সঙ্গীত শিল্পীদের সঙ্গেই দ্বৈত গান গেয়েছেন তিনি।
তবে এবার তার পরিচয় ‘কবি’ হিসাবে। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ ‘জীবনের খেয়াঘাটে’।
মেলবন্ধন প্রকাশনী থেকে প্রকাশিত এই গ্রন্থে শাওন চৌধুরীর ১০০টি কবিতা রয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। একুশে বইমেলা ছাড়াও ভারত থেকে বইটি প্রকাশিত হয়েছে বলে শাওন চৌধুরী জানিয়েছেন।
এ সম্পর্কে শাওন চৌধুরী বলেন, ‘শৈশবকাল থেকেই আমি সংগীত ও কাব্য চর্চা করি। তবে এ পর্যন্ত ৯টি গানের অ্যালবাম প্রকাশ পেলেও ‘জীবনের খেয়াঘাটে’ আমার প্রথম কাব্যগ্রন্থ। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ফসল, আমার কাব্যিক নান্দনিকতার মন্থিত নির্যাস। আশা করছি কাব্যগ্রন্থটির প্রতিটি কবিতা পাঠকের কাছে ভালো লাগবে।’
উল্লেখ্য, আধুনিক গানের শিল্পী শাওন চৌধুরী নিয়মিত রেডিও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন।
ইত্তেফাক/এমএআর
