নড়াইলে এক আওয়ামী লীগ নেতাকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। নিহত প্রভাষ রায় ওরফে হান্নু (৫২) সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং মিরাপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বুধবার রাত আটটার দিকে প্রভাষ সদর উপজেলার মিরাপাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত নয়টা ৪৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাসস
ইত্তেফাক/এএসএমইউ
