পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে রাজউকের প্রদত্ত দলিলে প্রদর্শিত বন এর পরিবর্তে পূর্বাচল প্রকল্পের সকল বন রক্ষার নির্দেশ দেয়া হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন।
রাজউক পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই পূর্বাচল নতুন শহর প্রকল্প বাস্তবায়ন শুরু করে। এর বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র (আসক), এএলআরডি, ব্লাস্ট, বাপা, আইএবি, পবা, নিজেরা করি সংগঠন ২০১৩ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট আবেদন দায়ের করে। ওই রিটের রায়ে হাইকোর্ট রাজউকের প্রদর্শিত ২৩৫ একর জায়গা বন হিসেবে সংরক্ষণের নির্দেশ দেয়। এছাড়া রায় হওয়া সত্ত্বেও মামলাটি চলমান রাখেন। ২০১৪ সালের ১১ মার্চ এ রায় দেয় হাইকোর্ট।
বেলার প্রধান নির্বাহী অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ অধিদপ্তর পূর্বাচলের জন্য অধিগ্রহণকৃত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ ও পারাবর্থা মৌজায় বিদ্যমান বনভূমি ৬৭৭ দশমিক ৫০ একর হওয়ায় পরিবেশগত ছাড়পত্র না দিয়ে রাজউকের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা আহ্বান করে। পরিবেশগত ছাড়পত্র না নিয়েই প্রকল্প বাস্তবায়ন করা এবং বিদ্যমান ভূমি ব্যবহার পরিকল্পনায় ৪৮৬ দশমিক ৭৭ একর মিশ্র বনভূমিকে আদালতে ভ্রান্তভাবে গৃহস্থালী বন দেখানোর বিরুদ্ধে বেলা আপিল বিভাগে আবেদন করে।
আবেদনের পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের পরিবর্তন করে উপরোক্ত রায় দেয়।
ইত্তেফাক/এমআই
