সর্বশেষ জাতীয়করণ করা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য প্যানেলভুক্তদের দুই মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম ফারুক) এর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেন।
২০১০ সালের ১১ এপ্রিল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককের শূন্য পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে উত্তীর্ণ হওয়া ৪২ হাজার ৬১১ জনকে নিয়োগের জন্য একটি প্যানেল গঠন করা হয়। ২০১৩ সালে বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হলে প্যানেল থেকে নিয়োগ দেয়া বন্ধ করে দেয়া হয়। এরপর নিয়োগ বঞ্চিতদের থেকে ১২৭টি পৃথক রিট করা হয়। এসব রিট আবেদন চূড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট এ রায় দেয়।
রিট আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম শুনানি করেন।
রিটকারী আইনজীবী বলেন, এসব রিটকারীদের মধ্যে অনেকে নিয়োগ পেয়েছেন। এখনও যারা নিয়োগ পাননি এ রায়ের ফলে সেসব রিটকারীদের নিয়োগ পাওয়ার পথ সুগম হল।
ইত্তেফাক/এমআই
