নড়াইলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৫ জন জেল হাজতে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১
নড়াইলে আওয়ামী লীগ নেতা হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুর রহমান মিনাসহ ৫ জনকে জেলা হাজতে পাঠিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যান শাহিদুর রহমান মিনা, তার ছেলে আশিকুর মিনা ও আকাশ মিনা, চেয়ারম্যানের ভাই ইলি মিনা ও তার ছেলে রাসেল মিনাকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে পাঠান।
 
নড়াইল সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান জানান, আটককৃতদের ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালত সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
 
তিনি জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার রাতে নড়াইলের ভদ্রবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষ রায় হানুকে (৫০) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে চেয়ারম্যান শহীদুর রহমান মিনাসহ ৫ জনকে আটক করা হয়।
 
ইত্তেফাক/এএন