বুটজোড়া তুলে রাখলেন ল্যাম্পার্ড

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪

ইংল্যান্ড ও চেলসির কিংবদন্তি মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যাম্পার্ড পেশাদার ক্যারিয়ারের ইতি টানলেন। ৩৮ বছর বয়সে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগের মাধ্যমে বিদায়ের ঘোষণা দেন ল্যাম্পার্ড। আমেরিকান ক্লাব নিউ ইয়র্ক সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতেই ক্যারিয়ারের ইতি টানেন এই ইংলিশ মিডফিল্ডার।

চেলসির জার্সিতে ৬৪৯ ম্যাচ খেলেছিলেন ল্যাম্পার্ড। ইংল্যান্ডের জার্সিতে তিনি খেলেন ১০৬ ম্যাচ। বিদায় ঘোষণার সময় ল্যাম্পার্ড বলেছেন, ‘যদিও ৩৮ বছর বয়সেও আমি খেলা চালিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত কিছু প্রস্তাব পেয়েছিলাম; তবে বুটজোড়া তুলে রেখে জীবনের নতুন অধ্যায় শুরু করার এটাই সেরা সময়।’

পেশাদার ক্যারিয়ার শেষে কোচিংয়ে যোগ দেয়ার ইচ্ছে রয়েছে ল্যাম্পার্ডের। এই লক্ষ্যে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পক্ষ থেকেও দারুণ সহযোগিতা পেয়েছেন তিনি। যে কারণে বিদায়বেলায় এফএর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ল্যাম্পার্ড। যেমনটি বলছিলেন তিনি, ‘আমি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞ যারা আমাকে কোচিংয়ে হাতেখড়ির সুযোগ করে দিয়েছে। আমি বুটজোড়া তুলে রেখে সেই সুযোগ কাজে লাগাতে চাই।’

চেলসির হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৬৪৮ ম্যাচ খেলে ২১১ গোল করা ল্যাম্পার্ড দলটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি, এফএ কাপের চারটি এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একটি শিরোপা জয় করেন। ২০১৪ সালে চেলসিকে বিদায় জানানোর পর ম্যানচেস্টার সিটি ও নিউ ইয়র্ক সিটির হয়ে মাঠ মাতান এই কিংবদন্তি মিডফিল্ডার। ইংল্যান্ডের জার্সিতে ১০৬ ম্যাচে তিনি করেন ২৯ গোল।

ইত্তেফাক/ইএইচএম