ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে ভারত জয় পেলেও ব্যাট হাতে সময়টা ভালো কাটেনি অধিনায়ক বিরাট কোহলির। তবে তারপরও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি ধরে রেখেছেন তিনি। অন্যদিকে ইংলিশদের বিপক্ষে সিরিজ জেতা টিম ইন্ডিয়া এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের দুইয়ে ওঠে এসেছে। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশেই রয়েছেন বাংলাদেশের দুই তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চের (৭৭১) চেয়ে ২৮ পয়েন্ট এগিয়ে রয়েছেন কোহলি (৭৯৮)। ৭৬৪ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন তিন নম্বরে। অন্যদিকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ ১২৬ রান করা ইংলিশ ব্যাট জো রুট পাঁচ নম্বরে ওঠে এসেছেন।
বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন সাব্বির রহমান। এই স্টাইলিশ ব্যাটসম্যান রয়েছেন ১২ নম্বরে। শীর্ষ ৫০-এ থাকা অপর দুই বাংলাদেশি হলেন সাকিব (২৭তম) ও তামিম ইকবাল (৩৬তম)।
বোলারদের র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন যোবেন্দ্র চাহাল। ৯২ ধাপ এগিয়ে ৮৬ নম্বরে ওঠে এসেছেন এই ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ২৫ রানে ৬ উইকেট নিয়ে শীর্ষ ১০০-তে ঢুকেন চাহাল।
ইমরান তাহির যথারীতি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। চার পয়েন্ট পিছিয়ে থেকে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ রয়েছেন দুই নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হলেও টাইগারদের দুই সেরা বোলার মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান রয়েছেন শীর্ষ দশেই। মোস্তাফিজ রয়েছেন ৯ নম্বরে এবং সাকিব দশ নম্বরে। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের (৩৮৮) চেয়ে ৪১ পয়েন্ট পিছিয়ে থেকে দুই নম্বরে রয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব।
ইত্তেফাক/ইএইচএম
