কোড না মেনে নির্মিত ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা: মোহাম্মদ নাসিম

আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৮:১৬

বিল্ডিং কোড না মেনে যারা ভবন তৈরি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বনানী এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

মোহাম্মদ নাসিম বলেন, বিল্ডিং কোড না মেনে যারা এই ধরনের বিল্ডিং করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বনানীর এফ আর বিল্ডিং এর মালিক চিহ্নিত ব্যক্তি। এছাড়া রাজউকের দুর্নীতি আক্রান্ত কর্মকর্তারাও জড়িত। প্রকাশ্যে এই চিহ্নিত ব্যক্তিদের প্রজ্ঞাপন দিয়ে বিচারের আওতায় আনতে হবে।

বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কোড না মেনে বহুতল ভবন নির্মাণ, ১৮ তলার অনুমোদন নিয়ে ২৩ তলা করা, কোনো দুর্ঘটনা এড়াতে বিকল্প ব্যবস্থা না করে মুনাফা লাভের জন্য আইন অমান্য করে ভবন করা; এ সব বিষয়ে প্রথমে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, এই ভবনের মালিককে গ্রেফতার করলে অন্য ভবনের মালিকরা দ্রুত সতর্ক হয়ে যাবেন। এ রকম আইন অমান্যকারীরা যেন আইনের ফাঁক দিয়ে বের হতে না পারেন সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।

আরও পড়ুন: খুঁজে খুঁজে বাংলাদেশিদের তাড়ানো হবে: অমিত শাহ

নাসিম বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন রোগী ছাড়াও আরও একজন জরুরি বিভাগের জেনারেল আইসিইউতে আছেন। তার অবস্থা মোটামুটি স্ট্যাবল, তবে শঙ্কামুক্ত নয়। তিনি বলেন, বনানীর অগ্নিকাণ্ডের ঘটনা খুবই মর্মান্তিক। জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অনেকে বেঁচে গেছেন। তাদের সমবেদনা জানাই। আর যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতিও সমবেদনা জানাই।

এ সময় সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বার্ন ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্তলাল সেন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই