নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ০১:১৪

যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন রেক্স টিলারসন। এক্সন মোবিলের সাবেক চেয়ারম্যান ও প্রধান নির্বাহী রেক্স টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে শপথ পড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। খবর বিবিসি, রয়টার্স ও সিএনএনের

উদ্বেগের মধ্যেও বুধবার সিনেট ৫৬-৪৩ ভোটে ৬৪ বছর বয়সী টিলারসনের নিয়োগ চূড়ান্ত করে। গত ১৬ বছরের ইতিহাসে সিনেটের সবচেয়ে কম সমর্থন নিয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন। সাবেক প্রেসিডেন্ট ওবামার দুই মেয়াদে দুজন এবং প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের দুই মেয়াদে দুজন পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করেন। দুই প্রেসিডেন্টের ১৬ বছরের শাসনে যে চারজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তাদের পক্ষে সিনেটের ব্যাপক সমর্থন ছিল। প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওবামার অনুমোদন পান হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রীর পদে নিয়োগ চূড়ান্তে সিনেটে ভোট হয়। তার পক্ষে ৯৪টি ভোট পড়ে এবং বিপক্ষে পড়ে মাত্র দুটি ভোট। দ্বিতীয় মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওবামার অনুমোদন পান জন কেরি। ৯৪-৩ ভোটে তার নিয়োগ চূড়ান্ত হয়। রেক্স টিলারসনের শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কেরির মেয়াদ শেষ হলো।
ইত্তেফাক/এসএসএ