টেস্ট, ওয়ান-ডে পকেটে পুরলেও টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচটা তখনও বাকি ছিল। আর সিরিজের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামার আগেই টিম হোটেলে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
কিন্তু সিরিজ জয়ের আগেই হঠাৎ এই অনুষ্ঠান কীসের? এই বিশেষ অনুষ্ঠান ছিল 'ক্যাপ্টেন কুল' ধোনির জন্য। এক অভিনব উপহার দিয়ে মহেন্দ্র সিং ধোনিকে সংবর্ধনা জানাল বিরাট কোহলির দল।
ধোনিকে কোহলি ব্রিগেটের পক্ষ থেকে একটি কাঠের মেমেন্টো উপহার দেওয়া হয়। এই মেমেন্টোতে ক্যাপ্টেন কুল হলেন '৪ স্টার'।
'৪ স্টার' কেন? কারণ, মেমেন্টোর উপরের চারটি সিলভার স্টার ধোনির ক্যারিয়ারের চারটি বড় সাফল্যের প্রতীক। প্রথমটি ২০০৭ সালের টি২০ বিশ্বকাপ জয়, দ্বিতীয়টি ২০০৯ সালের এক নম্বর টেস্ট দল নির্বাচিত হওয়া, তৃতীয় স্টার ২০১১ সালে বিশ্বকাপ জয় এবং চতুর্থ স্টারটি ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের প্রতীক।
ধোনির জন্য এই উপহার বানিয়েছেন ভারতের রাজকোটের এক অলংকার প্রস্তুতকারক। মেমেন্টোর সঙ্গে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে ধোনির জন্য ছিল একটি 'থ্যাঙ্ক ইউ' নোট।
টিম হোটেলের এই অনুষ্ঠানে ক্রিকেটাররা ছাড়াও ছিলেন সাপোর্ট স্টাফ এবং নির্বাচন কমিটির প্রধান মানব শ্রীকান্ত প্রসাদ।
ইত্তেফাক/এএম
