ডুবে যাচ্ছে টাইটানিক। একটি কাঠের পাটাতনে উঠে কোনোরকমে প্রাণ বাঁচানোর চেষ্টা করছে রোজ। পাটাতনের এক কোণ ধরে ঝুলছে জ্যাক। কিন্তু পাটাতনটা ছিল বেশ বড়। অনায়াসে তাতে উঠে নিজের প্রাণ বাঁচাতে পারত জ্যাক। এই দাবি করে থাকেন চলচ্চিত্র সমালোচকরা। কিন্তু সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, এমন হতে পারত না। একসঙ্গে থাকতে পারত না জ্যাক ও রোজ।
শুধু চলচ্চিত্র সমালোচকরাই নন; সাধারণ দর্শকদের অধিকাংশই গত ২০ বছর ধরে বলে আসছেন, জ্যাককে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন কিছু ছিলো না। পরিচালকের কেবল একটু সদয় হওয়াটাই জরুরি ছিলো।
কেউ কেউ তো এটাও বলেছেন, রোজ বড়ই স্বার্থপর। তাই তো জ্যাককে সেই কাঠের পাটাতনে উঠতে দেয়নি। যখন জ্যাক জমে বরফ হয়ে গেছে, তাকে সমুদ্রে ফেলে দিয়েছে। কিন্তু নিজের প্রাণটি বাঁচিয়ে ফিরেছে।
এমন সমালোচনার পর আর চুপ থাকতে পারেননি ক্যামেরন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, 'দেখ, এটা খুব সহজ। চিত্রনাট্যের ১৪৭ পাতায় লেখা আছে জ্যাক বোর্ড থেকে বেরিয়ে গেল যাতে সে (রোজ) বাঁচতে পারে। এবার এটা নিয়ে যে যা খুশি বিশ্লেষণ করতে পারে।'
তবে এর সঙ্গে তিনি আরও একটি কথা জানিয়েছেন, 'যদি কেউ ২৮ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রায় থাকে, তার ব্রেইন ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেবে। যদি জ্যাক সাঁতারের চেষ্টাও করত, তাহলেও ওই তাপমাত্রায় তা সম্ভব ছিল না। আগেই সে মারা যেত। তাই জ্যাকের কাছে সব থেকে ভালো উপায় ছিল, নিজের দেহের ঊর্ধ্বাংশ বাইরে রেখে কোনো জাহাজ বা নৌকা খোঁজার চেষ্টা করা।'
ইত্তেফাক/এএম
