বইমেলায় আসছে সাখাওয়াত হোসেন সুজনের প্রথম গল্পগ্রন্থ ‘যদি কখনো ভালোবাসো’। বইটি প্রকাশ করেছে ‘শিল্পৈশী’ প্রকাশনী। পরিবেশক পূর্বা ও প্রকৃতি প্রকাশনী।
বইটির ভূমিকায় প্রকাশক বলেন, সাখাওয়াত হোসেন সুজন পেশায় সাংবাদিক। সাহিত্যের সৃষ্টিশীলতার এই শাখায় তার বিচরণ অনেক দিনের। চেনা-পরিচিত গ-ির ভেতর থেকে সাহিত্যের উপাদান খুঁজে বেড়ান তিনি। যা কিছু দেখছি, শুনছি বা অনুধাবন করছি সেটাই তুলে ধরার চেষ্টা করেন।
‘যদি কখনো ভালোবাসো’ গ্রন্থে দশটি গল্প স্থান পেয়েছে। চলতে ফিরতে, এখানে সেখানে কত কিছুইতো আমাদের জীবনে ঘটে। সেখান থেকে নির্যাস বের করে লেখা হয়েছে গল্পগুলো। পড়ে যেনো মনে হয় আরে সেদিনতো এমন একটা ঘটনা দেখলাম। কিংবা ওমুকের সঙ্গেতো এমন ঘটনা ঘটেছিলো।
জীবন বাস্তবতা নিয়ে লেখা এ গল্পগুলো হয়তোবা পাঠকের নিজের সঙ্গেও মিলে যেতে পারে। আশা করি ভিন্নধর্মী এই গল্পগুলো সবার ভালো লাগবে।
লেখক বলেন, মনের মাধুরী মিশিয়ে লিখেছি। কেমন হলো তার বিবেচনার ভার পাঠকের। আশা করি গল্প দশটি যেকোনো সচেতন পাঠকের হৃদয়কে আলুলায়িত করবে। আনন্দ-বেদনার মাধ্যমে তারা গল্পপাঠ উপভোগ করবেন।
সাখাওয়াত হোসেন সুজন, পেশায় সাংবাদিক। ডিমলা স্বপন বিদ্যানিকেতনে প্রাথমিক, ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক, এরপর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, গ্রাফিক আর্টস ইন্সটিটিউট মোহাম্মদপুর, ঢাকা থেকে ডিপ্লোমা ইন প্রিন্টিং (৪ বছর) সম্পন্ন করেছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইন সিএসসি-তে ভর্তি হলেও পারিবারিক কারণে তাকে কর্মজীবনে জড়িয়ে পড়তে হয়। পরে কর্মজীবনেই সমাজবিজ্ঞানে উচ্চতর শিক্ষা সম্পন্ন করেন।
‘যদি কখনো ভালোবাসো’ গল্পগ্রন্থটি তার প্রথম প্রকাশিত বই। বইটি মেলার দ্বিতীয় সপ্তাহ থেকে পূর্বা প্রকাশনীর স্টল ২৭৫ ও লিটল ম্যাগ চত্বরের ১৭ নম্বর স্টলে (রোদ্দুর) পাওয়া যাবে। সেইসঙ্গে পাঠকরা রকমারিতেও ওর্ডার করতে পারবেন এই ঠিকানায় www.rokomari.com/shilpoishi
ইত্তেফাক/এমএইচ
