বার্সেলোনায় ফিরেছেন রোনালদিনহো

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৮
 
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দূত নিযুক্ত হয়েছেন ব্রাজিলের সাবেক ফুটবল সুপারস্টার রোনালদিনহো। বৃহস্পতিবার এমন ঘোষণা দিয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
 
বার্সেলোনার লিজেন্ট প্রকল্পের অধীনে ২০০৫ সালের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই সাবেক তারকা বিভিন্ন কার্যক্রমে বার্সেলোনার প্রতিনিধিত্ব করবেন। বর্তমানে লিজেন্ড প্রকল্পের আওতায় শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বার্সেলোনার সাবেক এই প্লে মেকার এই বার্সার হয়ে বিশ্বের বিভিন্ন স্থানে আয়োজিত ম্যাচ, ক্লিনিক ও অনুশীলন কার্যক্রমে অংশ নিবেন।
 
আপাতত বার্সেলোনা ফাউন্ডেশনের বিভিন্ন ইভেন্ট, বিশেষ করে ইউনিসেফ চ্যারিটিতে কাজ করবেন ৩৬ বছর বয়সী এই ব্রাজিলীয়। গত সপ্তাহে তিনি যখন সাবেক আরেকটি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন সফর করেন তখন ক্লাবের কর্মকর্তা কর্মচারীরা তাকে উল্লাসপুর্ন অভ্যর্থনা জানায়। অচিরেই ক্যাম্প ন্যুতে রোনালদোর এই কার্যক্রম বিষয়ক একটি চুক্তি সম্পাদিত হবে।
 
২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ব্রাজিলীয় এই প্লে মেকার। সেখানে দীর্ঘ ৫ বছর অবস্থানকালে রোনালদিনহো ১৯৮টি ম্যাচে অংশ নিয়ে গোল করেছেন ৯৪টি।
 
গত সপ্তায় রোনালদিনহোর এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী তার ভাই রবার্তো ডি এসিস জানিয়েছিলেন, ২০১৭ সালে ফের পেশাদার ফুটবলে প্রত্যাবর্তনের লক্ষ্য স্থির করেছেন রোনালদিনহো। যদিও ২০১৫ সালের সেপ্টেম্বরে ফ্লুমিনেন্স ছেড়ে দেয়ার পর আর কোন প্রতিযোগিতামুলক ফুটবলে অংশ নেননি ব্রাজিলের সাবেক এই আন্তর্জাতিক তারকা।
 

ইত্তেফাক/এএম।