চলচ্চিত্র মুক্তির আগে ট্রেলর ও গান রিলিজের চর্চাটি চলছে অনেকদিন ধরেই। ছবি প্রচারণার এই পলিসিটি দর্শকদের হলে টানার জন্য একটি ইতিবাচক পদ্ধতি। তবে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্রের গান রিলিজ দেওয়া হলেও ট্রেইলর প্রকাশের বিষয়টি ঢালিউডে নতুনই বলা চলে।
সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘর আঙিনায় আনুষ্ঠানিকভাবে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রের ট্রেলর প্রকাশ করা হয়। পাশাপাশি ‘আমি তোমারই’ ও ‘আমি বোতলে পুড়েছি কান্না’ শিরোনামে দুটি গান রিলিজ দেওয়া হয়। মুক্তিযুদ্ধভিত্তিক এই চলচ্চিত্রটির প্রচারণা বিভিন্ন আঙ্গিকে চলছে অনেকদিন ধরে। সেই ধারাবাহিকতায় এ আয়োজন।
এরআগে সাধারণ মানুষের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কয়েকটি ভিডিও বার্তা প্রকাশ করে ‘ভুবন মাঝি’ টিম। যেখানে ছিলেন ছবিটির অভিনয়শিল্পীরা। কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত অভিনয় করেছেন এই ছবিটিতে। তার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ।
এছাড়াও অভিনয় করেছেন মামুনুর রশিদ, মাজনুন মিজান, নওশাবাসহ অনেকে। ছবিটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন।
ইত্তেফাক/এমএআর
