রেসলিং বিশ্বকাপে মার্কিন অ্যাথলেটদের ঢুকতে দেবেনা ইরান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১১:০২
ইরানে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের সময় মার্কিন কুস্তিগীরদের ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি করলো দেশটির সরকার। চলতি মাসের ১৬-১৭ তারিখে ফ্রিস্টাইল কুস্তির বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে ইরানের রাজধানী তেহরানে।
 
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম ঘাসেমি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মার্কিন অ্যাথলেটদের  প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই সিদ্ধান্ত নিয়েছে, মার্কিন প্রতিযোগীদের দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
 
সম্প্রতি সাতটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ‘নিষিদ্ধ’ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যে ছিলো ইরানও।  ট্রাম্পের এই নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবেই ইরানের এমন সিদ্ধান্ত।
 
১৯৯৮ সালে তখতি কাপে শেষ ইরানের মাটিতে মার্কিন অ্যাথলেটরা লড়েছিলেন। এবারে ফ্রিস্টাইল কুস্তি বিশ্বকাপে অংশগ্রহণ করার কথা।  কিন্তু তা অনিশ্চিত হয়ে পড়ল।
 
ইত্তেফাক/এমএইচ